
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ যন্ত্রপাতি মেরামতের নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কোনো কাজ সম্পন্ন না করেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছে।
জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য কোটেশন দরপত্র আহ্বান করা হয়। পরে ১৬ এপ্রিল দরপত্র অনুমোদন দেওয়া হয়। এতে মেসার্স তাওসি এন্টারপ্রাইজ, কোহাসী এন্টারপ্রাইজ ও মেসার্স মিথিলা এন্টারপ্রাইজ অংশ নেয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স মিথিলা এন্টারপ্রাইজকে কাজ প্রদান করা হয়।
তবে অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি এখনো কোনো ধরনের কাজ সম্পন্ন না করেই পুরো বিল উত্তোলন করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মেসার্স মিথিলা এন্টারপ্রাইজের মালিক রনি বলেন,
“কাজ করার পর টাকা পেতে দেরি হয়, তাই আগেই বিল উত্তোলন করা হয়েছে। ঈদের পরে কাজ করা হবে।”
স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. কামরুল হাসান বলেন,
“আগের স্যারের সঙ্গে সমন্বয় করে বিল উত্তোলন করা হয়েছে। স্যারের নির্দেশ আমাদের মানতে হয়।”
উল্লেখ্য, তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান সম্প্রতি অন্যত্র বদলি হয়েছেন। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন,
“আমি এ বিষয়ে অবগত নই। আমার যোগদানের আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি।