
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোমনা-টু-মেঘনা সড়কের মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিন (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করে হোমনা থানা পুলিশ।
আটক গিয়াস উদ্দিন দাউদকান্দি উপজেলার ভাজরা সরকার বাড়ি গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হোমনা থানার এসআই (নিঃ) মো. ইছমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নিরঞ্জন শীলের বাড়ির সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এসময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা গিয়াস উদ্দিনকে আটক করে পুলিশ।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, “পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”