
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদের আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সরকারের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে। তারা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।