
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন–কে সংবর্ধনা জানাতে ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার চান্দিয়ারা গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় চার হাজার মানুষের জন্য গণভোজের ব্যবস্থা করা হয়। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ।
স্থানীয় সমাজসেবক নাঈমুল হক ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। এছাড়াও চান্দিনা থানায ইনচার্জ ওসি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আয়োজক ও স্থানীয়রা। পরে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ সময় উপস্থিত জনতার করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আতিকুল আলম শাওন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে একসঙ্গে গণভোজে অংশ নেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। দীর্ঘ সারিতে বসে হাজারো মানুষ একসঙ্গে খাবার গ্রহণ করেন, যা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রা দেয়।
আয়োজক নাঈমুল হক ভূঁইয়া জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই এই গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা বলেন, এ ধরনের আয়োজন শুধু আনন্দেরই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মতে, গণভোজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
চান্দিয়ারা গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে দিনভর মানুষের ভিড় ও উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো এলাকা। স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা দীর্ঘদিন মনে রাখার মতো একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।