
অটোরিকশা বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রাইভেট কার চালকের
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রাইভেট কার চালক।মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ রিয়ালেবল সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ইলিয়টগঞ্জ বাসস্টেশন অতিক্রম করে ড. মোশারফ ফাউন্ডেশন কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তায় একটি অটো রিকশাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে প্রাইভেট কারটি রাস্তার দক্ষিণ পাশে একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ প্রশাসনের সহায়তায় চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালকের নাম সাইফুল ইসলাম, বয়স ৪০ বছর। তিনি কুমিল্লা শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম জয়নাল আবেদিন ভূঁইয়া। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
দুর্ঘটনার খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের মৃত্যু সনদ প্রস্তুতের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কে অটো রিকশা ও থ্রি-হুইলার চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা এসব যান চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ দাবি করেন।