
এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের অভিযোগে স্বাস্থ্য বিভাগের অভিযানে (০৮)আটটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দিনা ও মাধাইয়্যা এলাকায় পরিচালিত এই অভিযানে গুরুতর নানা ত্রুটি ও অনিয়ম ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, চান্দিনা ইবনে সীনা হাসপাতাল, চান্দিনা ইনসাফ হাসপাতাল (বর্তমানে নিউ চান্দিনা মেডিকেল সেন্টার) সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা বাংলায় নেই, ল্যাবে কালার কোড বিন নেই, প্যাথলজি ল্যাবে ফ্রিজ রাখা হয়নি, এক্স-রে কক্ষে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়নি এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হচ্ছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অভিযানে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে —
চান্দিনা আল শিফা মেডিকেল কেয়ার ডায়াগনস্টিক, ইবনে সীনা হাসপাতাল, নিউ চান্দিনা মেডিকেল সেন্টার (ইনসাফ কমিউনিটি হাসপাতাল), চান্দিনা মা ও শিশু হাসপাতাল, মাধাইয়া জেনারেল হাসপাতাল, মাধাইয়া মীম হাসপাতাল, মাধাইয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া মাধাইয়া মীম ও মাধাইয়া জেনারেলের এক্স-রে ও অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।
তিনি বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে ৮টি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সাত দিনের মধ্যে ত্রুটিসমূহ সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট দিতে বলা হয়েছে।”