
মোঃ অলিউল্লাহ মাহিন,
কুমিল্লার মুরাদনগর বাজারের দীর্ঘদিনের পরিচিত পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহা (৬৫) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ২৬ অক্টোবর রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
নিতাই চন্দ্র সাহা মুরাদনগর বাজারে প্রায় ৩২ বছর ধরে পত্রিকা বিক্রির কাজ করে আসছিলেন। দীর্ঘদিনের এই পেশার সুবাদে তিনি মুরাদনগর বাজারের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ ছিলেন। সাদাসিধে, ভদ্র ও ভালো মনের মানুষ হিসেবে স্থানীয়দের কাছেও তাঁর সুনাম ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, নিতাই চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে নিজ বাড়িতে ফিরে আসার পর গতকাল রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতার নাম মৃত উপদ্র চন্দ্র সাহা।
আজ ২৭ অক্টোবর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে রহিমপুর মহাশ্মশানালয়ে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মুরাদনগর বাজারে পত্রিকা বিক্রি করার কারণে নিতাই চন্দ্র সাহা ছিলেন অনেকেরই পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে তাঁর সঙ্গে মানুষের দীর্ঘদিনের মানবিক সম্পর্ক ও পরিচয় ছিল। তাঁর সরলতা, ভালো ব্যবহার এবং পরিচিত মুখটি মুরাদনগরবাসীর স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।
মুরাদনগর পোস্টের পক্ষ থেকে নিতাই চন্দ্র সাহার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।