
এম এ খায়ের ইমন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ হাসান সরকার (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার (১০ মে) সকাল প্রায় ১১টার দিকে হোমনা থানাধীন ৪নং চান্দেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর জিরো পয়েন্ট এলাকায় মক্কা-মদিনা এসএস গ্যালারী দোকানের সামনে পাকা রাস্তার ওপর স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত হাসান সরকার (২৭) চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আখন্দপাড়া গ্রামের অলি মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।