
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবযোগদানকৃত লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সন্ধ্যায় লালমাই থানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে লালমাই থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং লালমাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
নবযোগদানকৃত ওসি মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও গণমাধ্যমের মধ্যে আন্তরিক সহযোগিতা থাকলে অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে লালমাই থানা রোডের খন্দকার মার্কেটস্থ লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি-এর বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম আজহার; স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন-এর বিশেষ প্রতিনিধি মোঃ মহিন উদ্দিন; ক্রীড়া সম্পাদক এবং এসডি টেলিভিশন ও দৈনিক কুমিল্লার কণ্ঠ-এর প্রতিনিধি আহসান উল্লাহ রাজু; সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা প্রতিনিধি মোঃ মতিউর রহমান; শিক্ষা সম্পাদক ও নিউজ বাংলা ২৪ প্রতিনিধি মোহাম্মদ আলী; সদস্য ও কুমিল্লা প্রতিচ্ছবি-এর সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম; সদস্য ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মনসুর লোকমান রাকিব; দৈনিক গণবার্তা প্রতিনিধি মোঃ আবু হানিফসহ লালমাই প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মাসিক আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে অধিক গুরুত্বারোপ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।
সভায় উপস্থিত সদস্যরা লালমাই প্রেস ক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বাগমারা পূর্ব বাজারস্থ মন্তু মিয়ার হোটেলে প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে এক আন্তরিক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।