
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে কোতয়ালী মডেল থানাধীন ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া সাকিনে রোকেয়া হাসপাতাল সংলগ্ন বন্ধু সার্ভিস সেন্টার নামের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. মানসু মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
একই দিনে ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার উইলেন্ট ইন্ডাস্ট্রিয়াল জোনের সামনে পাকা রাস্তা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দিলীপ সাহা নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া থেকে রাচিয়াগামী সড়কে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে তিন রাস্তার মোড়ের কালভার্ট সংলগ্ন পাকা রাস্তা থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাফি নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, কোতয়ালী মডেল থানাধীন নন্দীর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাগর চন্দ্র দাস নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে মোট ১৪ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল কোর্টে আরও চারজনের কারাদণ্ড
এদিকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে মো. কাইয়ুম ভূঁইয়া, মো. ফিরোজ হোসাইন, বিল্লাল হোসেন ও মো. চারু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. কাইয়ুম ভূঁইয়া কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বিজোড় এলাকার বাসিন্দা। মো. ফিরোজ হোসাইন ও বিল্লাল হোসেন বিষ্ণপুর এলাকার এবং মো. চারু মিয়া চাঁনপুর এলাকার বাসিন্দা।
পরে গ্রেপ্তার চারজনকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সোপর্দ করা হয়। শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে ১৫ (পনের) দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।