
বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগানে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন।
নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদর বাজারের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। তিনি বরুড়া বাজারের একজন পরিচিত মুখ ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ছিল বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি ছুরি ও কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন।
তবে বৃদ্ধ দর্জির মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং ঘটনাটি হত্যা কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।