
নিজস্ব প্রতিনিধি, চান্দিনা:
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১২টা ৪০ মিনিটে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-এর অফিসার ইনচার্জ ইন্সপেক্টর রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।
এসময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার (রেজি. নং: ঢাকা মেট্রো-গ-২৩-২৬৬০) তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ৫টি বান্ডিলে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ৪ কেজি করে গাঁজা ছিল বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে মোঃ রাসেল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা জেলার সাহেবের হাওলা এলাকার গোলাম মোস্তফার ছেলে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দিনা থানা-এ নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ইলিয়াটগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।