
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫
লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
নিহতরা হলেন- রিপন হোসেন (৩৫), মাজেদ হোসেন (৩৮), সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁ জেলার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান ৫ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করছেন।
ওসি জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত আমরা ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলে কাজ করছে। বাসটি উদ্দ্বার করা হয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায় নি বলে ও জানান তিনি।