
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর শিলমুড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর মামলার এক জামিনে মুক্ত আসামির দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ইব্রাহিম খলিল জানান, তার বসতঘরে হামলা, লুটপাট এবং পুকুরের মাছ নিধনের ঘটনায় একই গ্রামের ইসমাইল হোসেন ও সোলেমান গংদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে সিআর মামলা নং-১২৯৮ চলমান রয়েছে। তার দাবি, মামলার অন্যতম আসামি ইসমাইল হোসেন কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আবারও তার পরিবারের ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় ইব্রাহিম খলিল ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং চলমান মামলা প্রত্যাহার না করলে হত্যার হুমকি দেওয়া হয়।
ইব্রাহিম খলিল বলেন, “আমি একজন সাবেক জনপ্রতিনিধি হয়েও বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
তিনি আরও অভিযোগ করেন, বিরোধপূর্ণ জায়গাটি তার বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি। হামলার সময় তাকে সহযোগিতা করতে এগিয়ে আসা আলী হোসেন গংদের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বরুড়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত ইসমাইল হোসেনের বাবা আবুল খায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, “মারধর বা প্রাণনাশের কোনো ঘটনা ঘটেনি। মূলত গাছ কাটাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।