
সোমা ঘোষ মণিকা, স্টাফ রিপোর্টার :
জামালপুরে দুই তরুণীর সমকামী বিয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের মুকুন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকুন্দবাড়ি গ্রামের উজ্জ্বল মাহমুদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার ঝিলিক এবং একই এলাকার আলী আজগরের মেয়ে নবম শ্রেণির ছাত্রী আয়শা আক্তার ঝিলিক একই বিদ্যালয়ে পড়াশোনার সুবাদে পরস্পরের ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সেই সম্পর্ক প্রেমের রূপ নেয়। পরে তারা দুজনেই একসঙ্গে জীবনযাপন ও বিয়ের সিদ্ধান্ত নেয় বলে পরিবার ও এলাকাবাসীর কাছে জানায়।
ঘটনার পর গত ১৫ জানুয়ারি দুপুরের দিকে দুই তরুণী নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে গাজীপুরে গিয়ে একটি বাসা ভাড়া নেয়। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের অনুরোধে সোমবার সন্ধ্যার পর তারা জামালপুরে ফিরে আসে।
সন্ধ্যায় শহরের মুকুন্দবাড়িতে উজ্জ্বল মাহমুদের বাড়িতে এলাকাবাসী দুই তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্তের কথা পুনরায় জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে দুই তরুণী নিজ নিজ বাড়িতে ফিরে যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরে রাখছে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।