
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মানবাধিকার, জনসেবা, তথ্যের যথাযথ যাচাই এবং সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে তথ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা এর ভিত্তিতে প্রতিক্রিয়া জানালে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সঠিক তথ্যের ভিত্তিতে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। পাশাপাশি সরকারের বিভিন্ন বরাদ্দ ও জনকল্যাণমূলক কার্যক্রম মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে মানবিক ও সেবামূলক সংগঠনগুলোও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।
এ সময় আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুদ্র আচার্য্য, সহ-সভাপতি সবুজ ধর জয়, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আবু ছিদ্দিক বাবু উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার ও মানবিক সেবামূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।