
এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে যানজট নিরসন ও ফুটপাত অবমুক্তকরণে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ। এসময় ৫ মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেল ৩টা থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ দেবীদ্বার নিউমার্কেট এলাকার রাস্তা ও ফুটপাত দখলে পান বাজার, তরকারি বাজার এবং ফল বাজারে ওই অভিযান পরিচালিত হয়। এসময় পান বাজারের মোরে জনস্বার্থে বসানো পৌরসভার টিউবওয়েল ঢেকে রেখে দোকান পরিচালনা করায় দুটি ফল দোকানে ২ হাজার করে ৪ হাজার টাকা, অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণে দুটি টি স্টলকে ২ হাজার করে ৪ হাজার টাকা ও উল্টোপথে চলাচলে একটি অটোরিকশা চালককে ১ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। এসময় বিপুল সংখ্যক পুলিশ, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও কর্মকর্তা- কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কসহ দেবীদ্বার উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো কিছু অসাধু ব্যবসায়ী দখলে নিয়ে দোকান ভাড়া দিয়ে থাকে। ফলে যানবাহন চলাচল থাক দূরের কথা সাধারণ মানুষ হাঁটা- চলাচলেরও কোন সুযোগ ছিলনা। আজকের এ অভিযান জনস্বার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ।
একাধিক ব্যবসায়ী জানান, আমাদের কোন পূর্ব নোটিশ ছাড়াই এ অভিযান আমাদের পেটে লাথি মারা হয়েছে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা আকষ্মিক অভিযানে আমাদের মালামালগুলো ট্রাকে, ভ্যানে তুলে নিয়ে গেছে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, যানজট নিরসন ও জনগনের চলাচল নির্ভিগ্ন তরতে বহুবার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের কয়েকদিন পরই আবার ক্ষুদ্র ব্যবসায়িরা সড়ক ও ফুটপাত দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা শুরু করেন। এবারের অভিযানের পর পুনরায় বসলে জেল জরিমানা দু’টুই করা হবে। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।