
এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২ নম্বর ইউসুফপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন এজেন্ট আউটলেটটির উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার কুমিল্লা জেলা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার আরএম (এসএমই) নাজমুল আলম সুমন ও মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিজনেস অফিসার এনামুল হক। এতে সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন এগারোগ্রাম বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আব্দুল মোতালেব মেম্বার ও আব্দুল লতিফ মাস্টারসহ অন্যরা। এ সময় বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এগারোগ্রাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা গ্রহণের জন্য দূরবর্তী শাখায় যাতায়াতের প্রয়োজন কমবে। এর ফলে সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে। বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা হাতের কাছেই ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তাঁরা আরও বলেন, গ্রাহকেরা ব্যাংকের নির্ধারিত নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করে হিসাব খোলা এবং প্রযোজ্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। স্বচ্ছতা, গ্রাহকসেবা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে নতুন এজেন্ট আউটলেটটি স্থানীয় মানুষের আস্থা অর্জন করবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এজেন্ট আউটলেটের মাধ্যমে এগারোগ্রাম বাজার ও আশপাশের এলাকার মানুষের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের সাফল্য এবং এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।