
মোহাম্মদ আলী
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নয়জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এসআই কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স ধামঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। তারা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, মুরাদনগর থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মোঃ আদু মিয়া ওরফে আদম ওরফে আদু (৩২), মোঃ সিয়াম (২০) ও মোঃ মহসিন (২১)কে আদালতে পাঠানো হলে আদালত মাদক সেবনের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
অপর নয়জন হলেন—মোঃ সায়েম (২০), জামাল হোসেন (৪৫), মোঃ ইউসুফ (২০), মোঃ আবুল কালাম টিটু (৫১), মোঃ মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)। তাদের মাদক সেবনের অভিযোগে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”