
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী মোঃ নাইমুল হক ভূঁইয়ার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার ৬নং ওয়ার্ডের রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ভোটাররা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ নাইমুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও কমিশনার মোঃ আব্দুর রব, মোঃ ফারুকুল আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন লিটন ও মোঃ জসিম উদ্দিন সরকার।
মোঃ বিল্লাল হোসেন, চান্দিয়ারা সভাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রারিরচরের মোঃ শাহিন ভূঁইয়া।
এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ গোলাম মোস্তফা, চান্দিয়ারার জহিরুল ইসলাম, রারিরচরের আব্দুল ওয়াদুদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ মিজানুর রহমান, মোঃ হোসেন মিয়া, মোঃ পারভেজ, মোঃ ইমন আহম্মেদ মোঃ আবুল কালাম, মোঃ মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সহযোগিতায়- মোহাম্মদ নিলয় ভূঁইয়া, ফারুক আহমেদ, জহিরুল ইসলাম সহ আরো অন্যান্য।
মতবিনিময় সভায় বক্তারা চান্দিনা পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা এবং সামাজিক নিরাপত্তার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভায় মেয়র পদপ্রার্থী মোঃ নাইমুল হক ভূঁইয়া বলেন, তিনি নির্বাচিত হলে চান্দিনা পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পৌরসভার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেব। একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে পৌরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, চান্দিনা পৌরসভাকে একটি আধুনিক, উন্নত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর করতে একজন জনপ্রতিনিধির কাছে তাদের প্রত্যাশা অনেক। তারা এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানান।
এ সময় মেয়র পদপ্রার্থী নাইমুল হক ভূঁইয়া উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনেন এবং নির্বাচিত হলে পর্যায়ক্রমে তাদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক পৌরবাসী উপস্থিত ছিলেন।