
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বহর মধ্যপাড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আহসানুল ইসলাম কিশোর (২৮)। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিহতের মা সেলিনা বেগম বাড়িতে ফিরে ছেলের কক্ষে একাধিকবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের মা সেলিনা বেগম জানান, ঘটনার আগে বৃহস্পতিবার রাতে তিনি ছেলের সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাওয়ার কথা জানিয়েছিলেন কিশোর। সেটিই ছিল ছেলের সঙ্গে তার শেষ কথা।
প্রতিবেশীরা জানান, দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পরে সাবল ও হাতুড়ির সাহায্যে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যেখানে নিহত ব্যক্তি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি এবং কাউকে যেন হয়রানি না করা হয়—এমন অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যার অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষা করে বিস্তারিত বিশ্লেষণ করা হবে। পরিবার থেকে মামলা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।