
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ফলের দাম জানতে গিয়ে পণ্য না কেনায় এক নারী ক্রেতার সঙ্গে দুর্ব্যবহার, গায়ে হাত তোলার চেষ্টা এবং হিজাব ধরে টানাটানির অভিযোগ উঠেছে এক দোকান কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মচারীর নাম মো. সজিব। ঘটনার পর থেকে তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।
অভিযোগকারী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সজিবের বাবার নাম মো. সাখাওয়াত হোসেন। তাদের বাড়ি দেবিদ্বার থানার নবীয়াবাদ এলাকায়। অভিযোগের ঘটনাটি ঘটে চান্দিনা সাহা মেডিক্যালের পাশের একটি ফলের দোকানে। দোকানটির মালিক সুজন; তার বাবার নাম মৃত খোরশেদ আলম এবং বাড়ি মহারং এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এক নারী ওই দোকানে ফলের দাম জানতে যান। পরে তিনি অন্য একটি দোকান থেকে ফল কেনার সিদ্ধান্ত নিলে দোকানের কর্মচারী সজিব ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই নারীর গায়ে হাত তোলার চেষ্টা এবং হিজাব ধরে টানাটানি করার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হলে সজিবের বিরুদ্ধে একই ধরনের আরও অভিযোগের কথা জানান কয়েকজন নারী ও স্থানীয় সূত্র। তাদের অভিযোগ, নারীরা পণ্যের দাম জানতে গিয়ে পরে পণ্য না কিনে চলে যেতে চাইলে সজিব তাদের সঙ্গে খারাপ ব্যবহার, কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করতেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন নারী দাবি করেন, এ ধরনের আচরণে তারা দীর্ঘদিন ধরে বিব্রত ও অস্বস্তিতে ছিলেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারী পক্ষ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সজিবকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারী পক্ষের দাবি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।