
এম এ খায়ের, কুমিল্লা রিপোর্টার:
কুমিল্লা জেলা পুলিশের আয়োজিত সাপ্তাহিক কল্যাণ সভায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে চান্দিনা থানা পুলিশ। অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার আয়োজিত ওই সভায় চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানসহ আরও দুইজন চৌকস পুলিশ কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, জাল টাকা উৎপাদনের সরঞ্জামসহ কারিগর গ্রেফতার, টমটম চালককে হত্যা করে লুটের ঘটনায় দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে আটক এবং একটি হত্যা মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও তৎপরতায় এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, এমন অর্জন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
“আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করা পুলিশ সদস্যদের উৎসাহিত করতেই এ ধরনের স্বীকৃতি দেওয়া হয়। ভবিষ্যতেও চান্দিনা থানা পুলিশের এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
— আনিসুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা