
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের অন্যতম স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পণ্যের নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ইলেকট্রিশিয়ান অংশ নেন।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সোবহান, ডিভিশনাল সেলস ম্যানেজার, রাজশাহী ডিভিশন, এমইপি গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিরুল ইসলাম, পরিবেশক, এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন মো. শহিদ রানা, টেরিটোরি সেলস ম্যানেজার (রাজশাহী টেরিটোরি) এবং মো. কামরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।
মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা, সঠিক ইনস্টলেশন পদ্ধতি, নিরাপদ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গ্রাহকদের নিরাপদ সেবা নিশ্চিতকরণ এবং বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা পর্বে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা নিজেদের বাস্তব কর্ম-অভিজ্ঞতা, বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। আয়োজকরাও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজনের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, টি-শার্ট এবং ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ বিতরণ করা হয়। এছাড়া উপস্থিতদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এমইপি গ্রুপ সবসময়ই মানসম্মত বৈদ্যুতিক পণ্য উৎপাদনের পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের মতবিনিময় সভা, প্রশিক্ষণ কর্মশালা এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।