
মোহাম্মদ আলী, মুরাদনগর উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জমি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু মিয়া (৫৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে খালেদা আক্তার বেবি (৭০) এবং একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মঞ্জুরুল আলম ওরফে তোতু (৪০)। নিহত খালেদা আক্তার দেবিদ্বার উপজেলার খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা চালান।
একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে খালেদা আক্তার ও মঞ্জুরুল আলমকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জুরুল আলমের শাশুড়ি জোসনা বেগম বলেন, জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একই কথা জানান নিহতদের স্বজন মো. শফিকুল ইসলাম। তাদের দাবি, পুরোনো বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরীর বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত। মামলা প্রক্রিয়াধীন।