
চান্দিনা থানায় ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৪ আসামি আটক: আদালতে প্রেরণ করেছে পুলিশ
এম এ খায়ের ইমন:
চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক মামলা, চুরি মামলা ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক মামলায় ইয়াকুব হোসেন ছোট্টু (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে চুরি মামলায় মোঃ শফি উদ্দিন (২৫) নামে আরেক আসামিকে আটক করা হয়। তিনি দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি—মোঃ সুমন মিয়া (নাওতলা, চান্দিনা) এবং মোঃ ফারুক (৫২) (মাধাইয়া বাজার, চান্দিনা)—কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।