
মোহাম্মদ আলী
চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সম্পন্ন হয়েছে। কলেজ গভর্নিং বডির সভাপতি খন্দকার নূরুল হকের উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচনে ৩৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ৩১ জন উপস্থিত থেকে গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হলে মোহাম্মদ শহীদুল হক ১৫ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হন। অপর দুই প্রার্থী মো. এনাম আহমেদ ১১ ভোট এবং মো. মাহমুদুল হাসান ৫ ভোট পান।
পরবর্তীতে গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শহীদুল হককে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষক-কর্মচারীদের সরাসরি মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন কলেজের ইতিহাসে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ উপলক্ষে কলেজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা ও শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।