
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলায় মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় উপজেলার নিমসার কলেজ হলরুমে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মহাসড়কগুলোকে আরও নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্ঘটনা হ্রাস, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সড়ক ব্যবহারকারী, পরিবহন মালিক, চালক, যাত্রী এবং সাধারণ জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে হবে এবং তা মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
ময়নামতি হাইওয়ে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি কীর্তিমান চাকমা, এএসপি আনোয়ার হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া, ময়নামতি হাইওয়ে পুলিশের ইনচার্জ মমিন তালুকদার, উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া আক্তার, মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বাজার ইজারাদার সফিকুল ইসলাম ভূইয়া, হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি এয়ার আহমেদ, বিএনপি নেতা মনিরুল ইসলামসহ বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি, চালক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বক্তারা মহাসড়কে যানজট নিরসন, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতি রোধ, অবৈধ পার্কিং বন্ধ, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরেন। তারা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত নজরদারি বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোরতা এবং সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা, দায়িত্বশীলতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সভার শেষে মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে এবং দুর্ঘটনামুক্ত সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হলে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং মহাসড়কে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।