
মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি
দেশজুড়ে ভুয়া ব্যবসার নামে প্রতারণা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চাঞ্চল্যকর এই ঘটনায় প্রতারক চক্রের মূল সদস্যদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকা ও অন্যান্য জেলায় পেঁয়াজ, রসুন ও আলুর ভুয়া ব্যবসার আড়ালে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।
প্রায় ছয় মাস আগে তারা গাইবান্ধায় এসে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রথমদিকে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। এরপর বড় চালান আনার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অগ্রিম কোটি টাকার বেশি অর্থ নিয়ে গত ২৮ এপ্রিল অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়।
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীরা সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি প্রতারণা মামলা (নং–১৭/২৭০, তারিখ–১৭/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করেন। মামলার পর বিষয়টি নিয়ে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এর নেতৃত্বে এবং র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহযোগিতায় মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,
১.মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯),
২. মোছা: শাহানা পারভীন (৪৩),
৩. মো: মশিউর রহমান ওরফে মাসুক (৩০),
৪. শফিউর রহমান (২৬),
৬. রিনা আক্তার (২০) এবং
৬. নারগিস আক্তার (৩৪)।
তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে একই কায়দায় প্রতারণা চালিয়ে আসছিল।
চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি সাধারণ জনগণকে ভুয়া ব্যবসা, বিনিয়োগ বা অস্বাভাবিক লাভের প্রলোভনে না পড়তে এবং সন্দেহজনক কার্যক্রম দেখলে নিকটস্থ র্যাব অফিসে জানানোর আহ্বান জানানো হয়েছে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান